সরাইলে ইজারাবহির্ভূত বালু উত্তোলনের অভিযোগ, গ্রামবাসীর ধাওয়া
মঙ্গলবার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাজাপুর, কাকরিয়া ও চরকাকরিয়া এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, ভৈরব এলাকার মেন্দিপুর অংশ থেকে বালু উত্তোলনের জন্য ইজারা দেওয়া হলেও ইজারাদাররা নির্ধারিত এলাকার বাইরে গিয়ে অরুয়াইল ইউনিয়নের রাজাপুর, কাকরিয়া ও চরকাকরিয়া এলাকার মেঘনা নদী থেকে বালু উত্তোলন করছেন।
ইজারাবহির্ভূতভাবে বালু উত্তোলনের খবর পেয়ে স্থানীয় গ্রামবাসী নৌকাযোগে সেখানে গিয়ে ড্রেজারকে ধাওয়া করেন। এ সময় কয়েকজন গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে বালু উত্তোলনের ড্রেজারে হামলা চালান বলে জানা গেছে।
পরিস্থিতি একপর্যায়ে উত্তপ্ত হয়ে উঠলে বালু উত্তোলনের সঙ্গে জড়িত শ্রমিকরা ড্রেজার ও নৌযান নিয়ে দ্রুত ভৈরবের দিকে চলে যান।
স্থানীয় গ্রামবাসীরা অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে ইজারার নির্ধারিত এলাকার বাইরে বালু উত্তোলন বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।
This theme has been developed by themebari.

Post a Comment