হুইলচেয়ারে বসে মিছিলে যাওয়া লিখনের স্বপ্ন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ
লিখন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দি গ্রামের আব্দুল ওয়াহাব মিয়ার ছেলে। শারীরিক প্রতিবন্ধকতার কারণে তার স্বাভাবিক চলাফেরা সীমিত। তবে হুইলচেয়ারে বসেই বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেয় সে। বিএনপির দলীয় মিছিল-মিটিংয়েও অংশ নিয়েছে লিখন।
ফেসবুকে দেওয়া পোস্টে তারেক রহমানকে উদ্দেশ করে লিখন লিখেছে, তাঁর সঙ্গে সামনাসামনি সাক্ষাতের স্বপ্ন অনেক দিনের। কবে সেই কাঙ্ক্ষিত দিন আসবে, তা সে জানে না। তবে একবার প্রিয় নেতার সামনে দাঁড়িয়ে মনের কথাগুলো বলার ইচ্ছা তার দীর্ঘদিনের।
লিখন আরও লিখেছে, তার এই ছোট্ট স্বপ্ন পূরণে প্রিয় নেতা সুযোগ করে দিলে সেটি তার জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। এ জন্য দেশবাসীর প্রতি পোস্টটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ জানিয়েছে সে। মানুষের শেয়ারের মাধ্যমে তার মনের কথাটি একদিন প্রিয় নেতার কাছে পৌঁছাবে বলে আশা তার।
লিখনের এই ইচ্ছার কথা শুনে তার পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি ও জেলা বিএনপির সদস্য আহসান উদ্দিন খান শিপন।
তিনি বলেন, ‘শারীরিক প্রতিবন্ধী লাবিদ আল লিখন (১৬) দলকে ভালোবাসে। সে আমার সঙ্গে দলের বিভিন্ন মিছিল-মিটিংয়ে হুইলচেয়ারে বসে অংশ নিত। তার দীর্ঘদিনের ইচ্ছা, তারেক রহমানের সঙ্গে একবার সাক্ষাৎ করা। তার এই ইচ্ছার কথা শুনে আমারও ভালো লেগেছে। আমি চাই, তার স্বপ্নটি পূরণ হোক।’
শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও নিজের স্বপ্ন পূরণের আশা ছাড়েনি লিখন। প্রিয় নেতার সঙ্গে একবার দেখা করার প্রত্যাশায় দেশবাসীর সহযোগিতা চেয়েছে সে। ফেসবুক পোস্টের শেষাংশে লিখেছে, ‘ইনশাআল্লাহ, একদিন আমার এই স্বপ্ন পূরণ হবে।’
This theme has been developed by themebari.

Post a Comment