মেয়ের বিয়ের টাকা হারিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন বৃদ্ধ, ট্রাফিক পুলিশের সহায়তায় মিলল ৫০ হাজার
রোববার (১৬ আগস্ট) বিকেল ৫টার দিকে শহরের কাউতলী এলাকায় ট্রাফিক দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট রাসেলুর রহমান, সার্জেন্ট শাহদাত হোসেন ও তাদের সঙ্গে থাকা পুলিশ সদস্যরা। এ সময় তারা সড়কের ওপর পড়ে থাকা একটি টাকার বান্ডিল দেখতে পান। টাকাগুলো উদ্ধার করে তারা নিরাপদে সংরক্ষণ করেন।
এর কিছুক্ষণ পর কাউতলী এলাকায় এক বৃদ্ধকে অস্থিরভাবে এদিক-ওদিক টাকা খুঁজতে দেখা যায়। চোখেমুখে ছিল দুশ্চিন্তা, কণ্ঠে অসহায়ত্ব। কর্তব্যরত পুলিশ সদস্যরা তার কাছে গিয়ে জানতে চাইলে তিনি জানান, তার নাম মো. তাজুল ইসলাম (৬৫)। বাড়ি নবীনগর উপজেলার রসুলপুর এলাকায়।
তাজুল ইসলাম জানান, মেয়ের বিয়ের কেনাকাটা করতে শহরে এসেছিলেন তিনি। কাউতলী মোড়ে সিএনজির ভাড়া দেওয়ার সময় লুঙ্গির কোঁচায় রাখা ৫০ হাজার টাকার বান্ডিলটি অসাবধানতাবশত রাস্তায় পড়ে যায়। পরে বিষয়টি বুঝতে পেরে তিনি কাউতলী এলাকায় ফিরে এসে টাকা খুঁজতে থাকেন।
পুলিশ সদস্যরা তাজুল ইসলামের কাছে হারানো টাকার পরিমাণ, নোটের মূল্যমান ও অন্যান্য সুনির্দিষ্ট তথ্য জানতে চান। তার দেওয়া তথ্যের সঙ্গে পুলিশের উদ্ধার করা টাকার পুরোপুরি মিল পাওয়া যায়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে যাচাই-বাছাই শেষে ৫০০ টাকা মূল্যমানের ১০০টি নোট, মোট ৫০ হাজার টাকা, তাজুল ইসলামের হাতে তুলে দেওয়া হয়।
টাকা হাতে পাওয়ার পর আবেগাপ্লুত হয়ে পড়েন বৃদ্ধ তাজুল ইসলাম। মেয়ের বিয়ের টাকা ফিরে পাওয়ার স্বস্তিতে তিনি কর্তব্যরত পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।
একটি হারানো টাকার বান্ডিল ফিরে পাওয়ার গল্প হলেও ঘটনাটি যেন দায়িত্ববোধের আরেকটি মানবিক ছবি। ব্যস্ত সড়কে পড়ে থাকা টাকা নিজের কাছে না রেখে প্রকৃত মালিককে খুঁজে ফিরিয়ে দেওয়ার মধ্য দিয়ে ট্রাফিক পুলিশের সদস্যরা সততা ও জনসেবার একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন।
This theme has been developed by themebari.

Post a Comment