চাল, ইয়াবা, গরু ও মোটরসাইকেলসহ ৫০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।
বিজিবি জানায়, ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলামের নির্দেশনা ও পরিকল্পনা অনুযায়ী সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঈনপুর, মাদলা, খাদলা, সালদানদী, শশীদল ও শংকুচাইল বিওপির টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযান চালায়।
অভিযানে ভারতীয় অবৈধ বাসমতি চাল, ফুসকা, বাঁশি, শিং মাছ, গরু, জনসন বেবি লোশন, ইয়াবা, মোটরসাইকেল ও ইজিবাইক জব্দ করা হয়।
এ ছাড়া সালদানদী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নয়নপুর বাজার থেকে খাদলা বিওপির দিকে যাওয়ার সড়কের পাশে একটি গোডাউনে অভিযান চালানো হয়। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানজিল কবিরের নেতৃত্বে পরিচালিত টাস্কফোর্সের ওই অভিযানে ভারতীয় বাসমতি চাল ও বিভিন্ন কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।
বিজিবির তথ্যমতে, পৃথক অভিযানে জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য ৫০ লাখ ২১ হাজার ৫০ টাকা।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) জানিয়েছে, সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ পণ্য জব্দ করা হয়েছে।
This theme has been developed by themebari.

Post a Comment