আখাউড়া গ্রামে মেয়র রাখতে ঐক্যের ভোট
তবে বাস্তবতা হচ্ছে ভিন্ন। মূলত গ্রামের মেয়র ধরে রাখতে ঐক্যের ভোট করছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার দেবগ্রামের মানুষ। প্রায় মাস ছয়েকের চেষ্টার পর অবশেষে আজ শনিবার (১৫ আগস্ট) সভাপতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।
ভোটে যিনি নির্বাচিত হবেন, তিনি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন গ্রামের একক প্রার্থী হিসেবে। গ্রামের প্রায় তিন হাজার পুরুষ ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন বলে আশা করা হচ্ছে। সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, এর আগে দেবগ্রাম থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পৌর মেয়র পদে একাধিক ব্যক্তি নির্বাচিত হয়েছিলেন।
তবে সাম্প্রতিক সময়ে নানা কারণে একতরফা ভোট ও গ্রামের মধ্যে ঐক্য না থাকায় ক্ষমতাসীন দলের প্রার্থী নির্বাচিত হন। এসব দিক মাথায় রেখেই এবার গ্রামটি ঐক্য ধরের রাখার ব্যাপারে মরিয়া।
মূলত গত মে মাস থেকে ওই গ্রামে নির্বাচনের তোড়জোড় চলে। দেবগ্রাম সরকারি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে দফায় দফায় বৈঠক হয়। এরই মধ্যে একজনকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে। তফসিল ঘোষণা শেষে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। তিনজন প্রার্থী হিসেবে রয়েছেন শেখ আমজাদ হোসেন বাবু, মো. ফয়েজ আহমেদ ও রুহুল আমিন খান সুমন।
নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামের এক ব্যক্তি জানান, কাগজে-কলমে দেবগ্রাম আর্থ-সামাজিক উন্নয়ন পরিচালনা কমিটির সভাপতি নির্বাচন-২০২৬ নাম দেওয়া হয়েছে। দেবগ্রামের বিভিন্ন বিষয়ে তিনি সভাপতিত্ব করবেন। তবে আমাদের লক্ষ্য মেয়র নির্বাচনে ওই সভাপতিকে প্রার্থী করা হবে এবং ওই প্রার্থীকে শতভাগ ভোট দিয়ে গ্রামের কেন্দ্র থেকে পাস করানো হবে।
প্রার্থী ফয়েজ আহমেদ জানান, গ্রামের সবাই মিলে যে কমিটি করছে, তার সভাপতি পদে লড়ছেন তিনি। সভাপতি পদে জিতলে গ্রামের হয়ে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। আরেক প্রার্থী আমজাদ হোসেন বাবু জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, সকাল থেকেই ভোটাররা আসছে। গ্রামে উৎসবের আমেজ বিরাজ করছে।
রুহুল আমিন খান বলেন, গ্রামের ঐক্যের জন্য সবাই একমত হয়ে সভাপতি পদে ভোট দিয়েছেন। আমি জয়ের ব্যাপারে অনেকটা আশাবাদী।
This theme has been developed by themebari.

Post a Comment