সরাইলে ফেসবুকে কিশোরীর ছবি পোস্ট নিয়ে দ্বন্দ্ব, বসতঘরে হামলা ও মারধরের অভিযোগ
শনিবার (৫ সেপ্টেম্বর) সরেজমিনে গেলে ভুক্তভোগী মীনা রাণী সরকার অভিযোগ করেন, পারিবারিক বিরোধের জেরে গত ২ সেপ্টেম্বর সন্ধ্যায় তার প্রতিবেশী প্রদীপ সরকার (৪৫), তার দুই ভাই দিপু সরকার (৪২) ও আনন্দ সরকার (৩৫), প্রদীপ সরকারের দুই ছেলে গোবিন্দ সরকার (২৫) ও অজয় সরকার (২৩) তার বাড়িতে হামলা চালান।
মীনা রাণী সরকারের দাবি, অভিযুক্তরা প্রথমে তার ছেলেদের মারধর ও হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। তাদের না পেয়ে পরে তার বসতঘরে হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। এছাড়া অভিযুক্তরা তাদের পরিবারকে প্রতিনিয়ত হত্যার হুমকি দিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, ঘটনার বিষয়ে স্থানীয় চেয়ারম্যান ও গ্রামের কয়েকজন গণ্যমান্য ব্যক্তিকে অবগত করার পর সরাইল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
হামলার কারণ জানতে চাইলে মীনা রাণী সরকার বলেন, তার ছোট ছেলে টিটু সরকারকে (১৪) জড়িয়ে দিপু সরকারের মেয়েকে উত্ত্যক্ত করার অভিযোগ তুলে তাদের বাড়িতে হামলা চালানো হয়েছে। তবে তিনি অভিযোগটি মিথ্যা বলে দাবি করেন তিনি।
এদিকে মীনা রাণী সরকারের পুত্রবধূ শিপ্রা সরকার অভিযোগ করেন, ঘটনার দিন প্রদীপ সরকারের ছেলে গোবিন্দ সরকার তাদের বাড়িতে এসে ভিডিও দেখার কথা বলে তার স্বামীর কাছ থেকে মোবাইল ফোন নেয়। পরে পরিকল্পিতভাবে ওই মোবাইল ব্যবহার করে তার চাচাতো বোনের ছবি ফেসবুকে পোস্ট করা হয়েছে এবং বিষয়টিতে তাদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও বলেন, ছবি পোস্টের ঘটনায় আমার দেবর টিটুর কোনো সম্পৃক্ততা নেই। ঘটনার দিন সে মোবাইল ব্যবহারই করেনি।
ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, বিষয়টি সামাজিকভাবে অথবা আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করা সম্ভব ছিল। তবে বিরোধের জেরে বসতবাড়িতে হামলার ঘটনা নিন্দনীয় এবং অপরাধ। এটি মোটেও উচিৎ হয়নি।
তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত প্রদীপ সরকার। তিনি বলেন, ঘটনার সময় আমি সেখানে উপস্থিত ছিলাম না। মীনা রাণীর ছেলে টিটু দীর্ঘদিন ধরে আমার ভাতিজিকে উত্ত্যক্ত করছে এবং বিভিন্ন সময়ে হুমকি দিয়ে আসছে।
এদিকে আরেক অভিযুক্ত অজয় সরকার ঘটনা প্রাথমিক স্বীকার করে বলেন, আমরা দেশীয় অস্ত্র নিয়ে ঘরে কুপানোর বিষয়টি মিথ্যা, আমি ও আমার ভাই গোবিন্দ সরকার ঘরে লাঠি দিয়ে কয়েকটি আঘাত করেছি এবং আবারও আমার বোনকে বিরক্ত করলে পরিণাম খারাপ হবে এ কথা বলেছি। টিটু আমাদের বোনের ছবি স্টুরি দিয়েছে আবার আমাদেরই হুমকি দিয়েছে সেজন্যেই এ ঘটনা ঘটিয়েছি।
এ বিষয়ে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, লিখিত অভিযোগের বিষয়ে ঘটনার সত্যতা যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
This theme has been developed by themebari.

Post a Comment