আশুগঞ্জে ছাত্রলীগ নেতা সজিব ভূঁইয়া গ্রেপ্তার
সজিব ভূঁইয়া নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাকা উত্তরা থানা কমিটির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সদস্য ছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট আশুগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় সজিবের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। ওই সময় তাকে গ্রেপ্তারে পুলিশ একাধিকবার অভিযান চালায় বলে স্থানীয় সূত্রের দাবি। পরে ৫ আগস্টের পর কিছুদিন আত্মগোপনে থাকার পর এলাকায় ফিরে আসেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিভিন্ন কর্মকাণ্ডে তার সক্রিয়তার অভিযোগ ওঠে। এছাড়া গত ১৫ আগস্ট উপলক্ষে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শুভর অজ্ঞাত স্থানে আয়োজিত নৌবহরের কর্মসূচিতেও তার অংশগ্রহণের অভিযোগ রয়েছে।
তবে সজিবকে গ্রেপ্তার করা হয়েছে ২ সেপ্টেম্বর রাতে নাওঘাট এলাকায় সংঘটিত মারামারি ও হামলার ঘটনায় দায়ের করা মামলায়। মামলার বাদী নাওঘাট এলাকার ফার্মেসি ব্যবসায়ী মুরাদ ভূঁইয়া।
মামলায় সজিবসহ নয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে। এজাহারে বলা হয়েছে, ২ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে আসামিরা দলবদ্ধ হয়ে বাদীর ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে গিয়ে গালমন্দ করেন। বাধা দেওয়ায় বাদীর বাবাকে মারধর করে আহত করার অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও অভিযোগ করা হয়, হামলাকারীরা বাদীর ফার্মেসিতে ঢুকে ওষুধ, সিসি ক্যামেরাসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করেন। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি এবং নগদ ৩৫ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। একই সঙ্গে বাদীর বাড়িতে হামলা, ভাঙচুর ও মালামাল নিয়ে যাওয়ার পাশাপাশি বাধা দিতে গেলে তার নাবালিকা মেয়েকে দেশীয় অস্ত্র দিয়ে জখম করার অভিযোগ করা হয়েছে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শফিকুল ইসলাম চৌধুরী বলেন, “সম্প্রতি সংঘটিত মারামারির ঘটনায় আশুগঞ্জ থানায় রুজু করা একটি মামলায় তাকে আটক করা হয়েছে। সে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা। ২০২৪ সালের ৪ আগস্ট আশুগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনে হামলায় তার সংশ্লিষ্টতা ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।”
স্থানীয়দের দাবি, ২০২৪ সালের ৪ আগস্টের ঘটনায় সজিবের ভূমিকা তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হোক।
This theme has been developed by themebari.

Post a Comment