প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
সরাইলে অর্থ আত্মসাৎ এর অভিযোগকে মিথ্যে দাবি করে সাবেক ভাইস চেয়ারম্যানের সংবাদ সম্মেলন
প্রকাশঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিজের ওপর প্রবাসীর অর্থ আত্মসাৎ এর অভিযোগকে ষড়যন্ত্র ও অপপ্রচার দাবি করে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হানিফ আহমেদ সবুজ। সংবাদ সম্মেলনে তিনি অপপ্রচারে কান না দেয়ার ও সত্যতা যাচাইয়ের জন্যে সকলের প্রতি আহ্বান জানান।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে সরাইলের বড্ডাপাড়া এলাকায় সমাজ উন্নয়ন কেন্দ্রের (সুক) হলরুমে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ-সব কথা বলেন তিনি।
এর আগে গতকাল (৮ নভেম্বর) সাংবাদিক সম্মেলন করে জাহাঙ্গীর আলম নামে এক প্রবাসী দাবি করেন সাবেক ভাইস চেয়ারম্যান হানিফ আহমেদ সবুজ ব্যবসার কথা বলে ও তার সরলতার সুযোগ নিয়ে ৫ কোটি টাকা আত্মসাৎ করেছেন।
বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পরলে শুরু হয় নানা ধরণের আলোচনা সমালোচনা। এরই মাঝে সংবাদ সম্মেলনের আয়োজন করে অভিযোগের কোনো ভিত্তি নেই বলে দাবি করেন সাবেক এই ভাইস চেয়ারম্যান।
লিখিত বক্তব্যে হানিফ আহমেদ সবুজ দাবি করেন, ২০১৭ সাল থেকে কাতারে জাহাঙ্গীর আলমের সঙ্গে যৌথভাবে বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করে আসছেন তিনি। বর্তমানে কাতারে দুটি সুপার মার্কেট, দুটি রেস্টুরেন্ট ও একটি গাড়ির ওয়ার্কশপসহ বিভিন্ন ব্যবসায় তাঁর বিনিয়োগ রয়েছে। এসব ব্যবসার হিসাব অনুযায়ী জাহাঙ্গীর আলমের কাছে তাঁর প্রায় ২৯ লাখ কাতারি রিয়াল পাওনা রয়েছে বলে দাবি করেন তিনি।
হানিফ আহমেদের অভিযোগ, পাওনা টাকা পরিশোধের আশ্বাস দিয়ে জাহাঙ্গীর আলম তাঁকে তিন কোটি টাকার একটি চেক দেন। গত ২৭ অক্টোবর চেকটি ব্যাংকে জমা দিলে সংশ্লিষ্ট হিসাব ব্লক থাকায় তা নগদায়ন করা সম্ভব হয়নি। এ ঘটনায় তিনি আইনজীবীর মাধ্যমে জাহাঙ্গীর আলমকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বলেও জানান।
তিনি আরও অভিযোগ করেন, বিষয়টি সমাধানে একাধিকবার সমঝোতার উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি। পাশাপাশি তাঁর বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
সাংবাদিকদের উদ্দেশ্যে হানিফ আহমেদ সবুজ বলেন, তিনি কারও সম্পদ অন্যায়ভাবে দাবি করছেন না; বরং নিজের বিনিয়োগ ও ব্যবসায়িক হিসাব অনুযায়ী পাওনা টাকা ফেরত চান। সংবাদ প্রকাশের ক্ষেত্রে একপক্ষের বক্তব্যের ওপর নির্ভর না করে উভয় পক্ষের বক্তব্য ও তথ্য-প্রমাণ যাচাই করার আহ্বান জানান তিনি। এ ছাড়া প্রচলিত আইনের মাধ্যমে ন্যায়বিচার পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
(পুবের আলো/আতিকুল ইসলাম)
This theme has been developed by themebari.

Post a Comment