বিজিবির ধাওয়ায় পালালেন ২০ চোরাকারবারি, উদ্ধার ৫ হাজার ৭৬০ মোবাইল ডিসপ্লে
শনিবার (২১ নভেম্বর) ভোরে বিজয়নগর উপজেলার কামালমোড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। পরে দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ।
বিজিবি অধিনায়ক জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৫ বিজিবির অধীন মুকুন্দপুর বিওপির একটি টহল দল কামালমোড়া এলাকায় অবস্থান নেয়। এ সময় ১৫ থেকে ২০ জন ব্যক্তি মাথায় কার্টন নিয়ে ভারতের দিক থেকে বাংলাদেশের দিকে আসছিলেন। বিজিবি সদস্যরা তাঁদের ধাওয়া করলে তাঁরা কার্টনগুলো ফেলে দৌড়ে পালিয়ে যান।
পরে ফেলে যাওয়া কার্টন তল্লাশি করে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৫ হাজার ৭৬০ পিস ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, উদ্ধার করা ডিসপ্লেগুলোর আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৬০ লাখ ৮০ হাজার টাকা। জব্দ করা মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান বিজিবির অধিনায়ক।
This theme has been developed by themebari.

Post a Comment