নাসিরনগরে এম এ হান্নান বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বিদ্যালয়টির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এম এ হান্নান।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফান উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সারোয়ার হোসাইন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইসহাক মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা। এ সময় এলাকার শতাধিক অভিভাবক, শিক্ষক ও বাসিন্দা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এম এ হান্নান বলেন, রাজনগর-রসুলপুর গ্রামটি শিক্ষার দিক থেকে অনেক পিছিয়ে ছিল। এ এলাকার শিশুদের পড়াশোনার জন্য দূরে যেতে হতো। বিদ্যালয়টি প্রতিষ্ঠার মাধ্যমে স্থানীয় শিশুদের শিক্ষার নতুন সুযোগ তৈরি হবে।
তিনি আরও বলেন, বিদ্যালয়টিকে একটি মডেল শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে। এ ক্ষেত্রে তিনি নিজে এবং সংশ্লিষ্ট সবাই সম্মিলিতভাবে কাজ করবেন বলে আশ্বাস দেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে গ্রামটিতে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার দাবি ছিল। বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলে রাজনগর-রসুলপুরের পাশাপাশি আশপাশের গ্রামের শিশুরাও উপকৃত হবে। এতে এলাকার শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে বলে আশা করছেন তাঁরা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দ্রুত বিদ্যালয়ের নির্মাণকাজ সম্পন্ন করে পাঠদান কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। এ জন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করা হয়েছে।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
This theme has been developed by themebari.

Post a Comment