জাল খতিয়ান তৈরি করে জমি আত্মসাতের চেষ্টা, ভূমি অফিসের নায়েব কারাগারে
ব্রাহ্মণবাড়িয়ায় জালিয়াতির মাধ্যমে জমির খতিয়ান তৈরি করে অন্যের জমি আত্মসাতের চেষ্টার অভিযোগে করা মামলায় মো. শাহজাহান মিয়া নামের এক ভূমি সহকারী কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪-এ আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন শাহজাহান মিয়া। শুনানি শেষে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শাহজাহান মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অষ্টগ্রাম ইউনিয়ন ভূমি অফিসে ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) হিসেবে কর্মরত।
মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের অষ্টগ্রাম উত্তরপাড়ার বাসিন্দা মৃত জলফু মিয়ার ছেলে মো. মোজাম্মেল হক ১৯৮৯ সালের ১ এপ্রিল ১৭৯২ নম্বর সাফকবলা দলিলের মাধ্যমে ৩৮ নম্বর মোহনপুর মৌজায় ৩৪ দশমিক ২৫ শতক জমি কেনেন। জমি কেনার কিছুদিন পর তিনি পরিবারসহ প্রবাসে চলে যান।
মামলার অভিযোগে বলা হয়, মোজাম্মেল হক প্রবাসে থাকার সুযোগে একই এলাকার কামাল উদ্দিন, দুলাল মিয়া, মোহাম্মদ আলী ও মহরম আলী পরস্পর যোগসাজশে ওই জমির জাল খতিয়ান তৈরি করেন। এতে ভূমি সহকারী কর্মকর্তা শাহজাহান মিয়া সহযোগিতা করেন বলে অভিযোগ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে জাল খতিয়ান তৈরি করে জমিটি আত্মসাতের চেষ্টার অভিযোগ আনা হয়েছে।
প্রবাসে থাকা অবস্থায় বিষয়টি জানতে পেরে দেশে ফিরে আসেন মোজাম্মেল হক। পরে গত ৩০ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঁচজনকে আসামি করে মামলা করেন তিনি।
মামলাটি আমলে নিয়ে আদালত অভিযোগ তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেন। তদন্ত শেষে সিআইডি আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে মামলার পঞ্চম আসামি শাহজাহান মিয়া আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন।
মামলায় বাদীপক্ষে আইনজীবী ছিলেন জাকির হোসেন রাসেল। আসামিপক্ষে ছিলেন তাহমিদ বিন রহমান।
ব্রাহ্মণবাড়িয়া আদালতের পুলিশ পরিদর্শক (সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. হাবিবুল্লাহ সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, শাহজাহান মিয়া আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
This theme has been developed by themebari.

Post a Comment