ব্রাহ্মণবাড়িয়ায় জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
মোঃ বাদল মিয়া: পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদল।বুধবার (১৮ নভেম্বর) বিকেলে জেলা পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কথিত নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা ও বিভিন্ন উপজেলা যুবদলের নেতারা।
বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে পরিবহন, বসতবাড়ি এবং সরকারি-বেসরকারি স্থাপনায় আগুন দিচ্ছেন।
তাঁরা বলেন, আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের কেউ নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে তাঁদের আইনের আওতায় আনতে হবে। এ ধরনের অপতৎপরতা প্রতিরোধে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের যুবদলের নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে সতর্ক ও সোচ্চার থাকার আহ্বান জানান বক্তারা।
This theme has been developed by themebari.
Post a Comment